গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নুর হাসান মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় জসিম মোল্লা (২৫) নামে আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নুর কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ ইদ্রিস আলী জানান, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে খুলনা থেকে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নুর হাসান নিহত ও আরোহী জসিম মোল্লা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জসিমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
