রাজধানীর রমনা থানাধীন মত্স ভবনের সামনে থেকে চালসহ ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে রাজধানী ও এর আশপাশ এলাকা থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি চাপাতি, ২টি ছুরি, ট্রাকে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত ২টি হুক, ১টি কাচি, ১টি লোহার রড এবং ২১৪টি চালের বস্তা, ডাকাতি হওয়া ট্রাকসহ এ কাজে ব্যবহৃত অতিরিক্ত আরেকটি ট্রাক উদ্ধার করে।
গ্রেফতারকৃত এ ছয়জন হলেন, মোহাম্মদ জুম্মন (১৯), মোহাম্মদ আল-আমিন (২২), দ্বীন ইসলাম (৫০), মোশারফ হোসেন ওরফে রতন রানা (৪৮), মজিবুর রহমান (৪৫) এবং নূরুল হক (৬০)।
রমনা থানা পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি দিনগত গভীর রাতে মত্স ভবনের সামনে ডাকাতরা চালককে আহত করে ডাকাতি করে। এ ঘটনায় আহত ট্রাক চালক জাহিদুল ইসলাম পরের দিন রমনা থানায় একটি মামলা (মামলা নং-২৮) দায়ের করেন। ওই মামলা তদন্তে পুলিশ এই ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে। পরে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামপুর, দক্ষীণ কেরাণীগঞ্জ, মুন্সীগঞ্জের সিরাজদীখান এবং শ্রীনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
