ওবামার ভারত সফরের সময় মোদীর নিজের নামাঙ্কিত স্যুট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মোদীর পোশাকের রুচির প্রশংসা করে সেরকম স্যুট পরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার সেই স্যুটের দাম প্রকাশ করে সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লির একটি নির্বাচনী সভায় বক্তব্য দেয়ার সময় মোদীর রাষ্ট্রীয় খরচে বিলাসবহুল স্যুটের সমালোচনা করেন।
রাহুল ছাড়াও, নিজের নামাঙ্কিত পোশাক তৈরি করানোর জন্য নরেন্দ্র মোদীকে ‘ক্ষমতা প্রদর্শনে মত্ত’ বলে কটাক্ষ করছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
সম্প্রতি, সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে রবিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চা-চক্রের সময় মোদী যে স্যুটটি পরেছিলেন তাতে সোনার সুতো দিয়ে তাঁর নিজের নাম বোনা ছিল। ওই বিশেষ স্যুটের মূল্য দশ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রার হিসেবে ৯লক্ষ ২৭ হাজার ৫০০টাকা।
ভারতের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ, ওই স্যুটের কাপড় নাকি লন্ডনের বিখ্যাত সংস্থা হল্যান্ড অ্যান্ড শেরির থেকে নেওয়া হয়েছিল। পরে তাকে সেলাই করার জন্যে টম জেমস-এর কাছে পাঠিয়েছিল হল্যান্ড অ্যান্ড শেরি। সূত্র: এনডিটিভি
