রাজধানীতে বিএনপি-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ২০:০৮
নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে চলমান বিশেষ অভিযানে বিএনপির ৯ জন ও একই সময়ে পৃথক অভিযানে আরও ৬ শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রমনা, হাজারীবাগ, চকবাজার ও শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অ্যবাহত রয়েছে।
এদিকে বুধবার গভীর রাতে যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জামায়াত-শিবিরের ব্যানার, লিফলেটসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ি থানার এসআই আতিকুর রহমান জানান, চলমান রাজনৈতিক কর্মসূচি ঘিরে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় ছাত্র-শিক্ষকসহ মোট ৩৩ জনকে  আটক  করা হয়। যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে ৬ শিবিরকর্মীকে গ্রেফতার দেখিয়ে অন্যদের ছেড়ে দেয়া হয়। গ্রেফতারকৃতরা ওই মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
ডিএমপি সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। যানবাহনে পেট্রোল বোমা হামলা ও আগুন দেয়ায় হতহাতের সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে নাশকতায় জড়িতদের ধরতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্য ও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে এসব অভিযান চালানো হচ্ছে। এতে মূলত বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাই বেশি গ্রেফতার হয়েছেন।
এদিকে ঢাকার বাইরের বিভিন্ন জেলাতেও চলছে নাশকতাকারীদের গ্রেফতার অভিযান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।