অধ্যক্ষকে সড়ক দুর্ঘটনার ছলে হত্যার অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৪

ওসমানীনগরের শেখ ফজিলাতুন নেছা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলামকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে আটক একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক লুত্ফুর রহমান আদালতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার দ্বায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। লুত্ফুর রহমান ওরফে আজাদ (৪৪) দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের তাহির আলীর পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই মো: মমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলেখা দের আদালতে লুত্ফুর রহমানকে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় তিনি স্বেচ্ছায় নিজ আপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সকালে অধ্যক্ষ শায়খুল ইসলাম মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা সড়কের মুখ এলাকায় পৌঁছলে একটি দ্রতগতির প্রাইভেট কার অধ্যক্ষকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর অভিযোগ ওঠে একই মাদ্রাসার প্রভাষক লুত্ফুর রহমান পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে অধ্যক্ষকে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনায় নিহত অধ্যক্ষের স্ত্রী দিলবাহার তালুকদার লিপি বাদী হয়ে  মামলাটি দায়ের করেন।