রাউজানে চোর চক্রের তিন সদস্য আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৪

মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে রাউজান থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো— রাউজানের খোরশেদ আলম (৩২), বায়েজিদ থানাধীন শাহ আলম কলোনির বাসিন্দা মোঃ রাশেদ (৩১) ও ফটিকছড়ির মোঃ রাকিব (২৫)।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ জাবেদ মিয়া বলেন, গত সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়ায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ দু’জনকে আটক করা হয়। পরে তাদের দু’জনের স্বীকারোক্তি মোতাবেক রাকিব নামের আরো একজনকে বৈইজ্জ্যাখালীর গেইট সম্মুখে চোরাই মোটরসাইকেলসহ অপেক্ষমাণ অবস্থায় আটক করা হয়। এদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেন, আটক তিনজনের মধ্যে খোরশেদ আলমের বিরুদ্ধে ফটিকছড়ি ও রাঙ্গামাটি সদর থানায় এবং রাশেদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলা রয়েছে।