ঢাবির বাসে আগুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ০১:০১

ঢাকাসহ ৯ জেলায় ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের কাজে ব্যবহূত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদুল্লাহ হল সংলগ্ন রাস্তার পাশে অবস্থান করা ‘চৈতালী’ নামের বিআরটিসির দোতলা একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কার্জন হলের কাছের রাস্তায় প্রতিদিন ২০ থেকে ৩০টি বিআরটিসির বাস রাখা হয়। দুপুর আড়াইটার দিকে কে বা কারা সেখানে অবস্থান করা একটি দোতলা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে আশ-পাশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের দ্বিতীয় তলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।