আর আট দিন পর হতে যাচ্ছে দিল্লি নির্বাচন। একে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বিজেপির কিরণ বেদির বিরুদ্ধে ভোটারদের ঘুষ দেয়ার অভিযোগ করেছে আম আদমি পার্টি। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পূর্ব দিল্লিতে একটি রোড শো’র সময় কিরণ বেদি এক নারীকে মুক্তার হার পরিয়ে দিচ্ছিলেন। এটি গণমাধ্যমে আসার পর আম আদমি বলছে, হার দিয়ে ভোটারদের ঘুষ দেয়া হচ্ছে, যা নির্বাচনী নিয়ম লঙ্ঘন করছে।
আপ-এর জ্যেষ্ঠ নেতা মনিশ সিসোদিয়া বলেছেন, ‘তারা (বিজেপি) হার দিয়ে ভোটারদের সরাসরি প্রলুব্ধ করছে। এটি সত্যিই ঝুঁকিপূর্ণ। এটি যে কোড অব কন্ডাক্টের বিরোধিতা তার পরিস্কারভাবে বোঝা যাচ্ছে।’
এদিকে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তিনি ভোটারদের সব দলগুলোর কাছ থেকে ঘুষ নিতে বলেছেন। তবে শুধু আম আদমি পার্টিকে ভোট দিতে বলেছেন। এ কারণে নির্বাচন কমিশন তাকে সতর্ক করে দিয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল জানা যাবে ১০ ফেব্রুয়ারি।
