রাজধানীর রামপুরা থেকে ফাহমিদা আক্তার (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় রামপুরা মহানগর প্রজেক্টের পাঁচ নম্বর রোডের ১০৫ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ফাহমিদা আক্তারের বাবার নাম মরহুম আক্তার-উল-আলম। তিনি দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। আক্তার-উল-আলম ব্রুনাইয়ের রাষ্ট্রদূতও ছিলেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে খবর পেয়ে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি বিছানায় চাদর দিয়ে ঢাকা ছিল। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্তের জন্য সিআইডি’র ক্রাইম সিন বিভাগ আলামত সংগ্রহ করেছে।
