দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার মা-ছেলে-বাবা-মেয়েসহ ১৮ জন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ১১ জন। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে সামনের চাকা খুলে ট্রাক উল্টে মা-ছেলেসহ ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুট্টা ভর্তি ঢাকা থেকে কুমিল্লাগামী একটি ট্রাক গতকাল শুক্রবার দুপুরে উল্টে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে থাকা ২টি সিএনজি স্কুটার ও একটি রিকশার উপর পড়লে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজি আরোহী কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নদিয়াবাদ গ্রামের অঞ্জলী রানী সাহা (৫২) ও তার ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র প্রত্যয় সাহা (১২), সিএনজি চালক স্থানীয় বালুয়াকান্দি গ্রামের কালু মিয়া (৩৮) ও অটোরিকশা চালক চুয়াডাঙ্গার মন্টু মিয়া (৪০)। ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান।
ভ্রাম্যমাণ প্রতিনিধি:ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে একটি দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে চাপা দিলে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন—শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের মজিবর মণ্ডল (৪৫), শফিউদ্দিন(৪০) ও রেজাউল ইসলাম (৩৫) এবং চরপাড়া গ্রামের আমিরুল ইসলাম ওরফে আমল (৩২)। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, একদল পান ব্যবসায়ী শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রাম থেকে টেম্পোযোগে ঝিনাইদহ যাচ্ছিলেন। দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে পৌঁছালে ঝিনাইদহমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সদর উপজেলার ফতুল্লায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ট্রাকের চাপায় রিকশাচালক ও আরোহী বাবা-মেয়ে নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। রিকশা চালকের নাম জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন নিহত মেয়ের মা। তাত্ক্ষণিকভাবে তার নামও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন—অলিউদ্দিন (৩৭) ও তার মেয়ে সুমাইয়া (৭)। তাদের বাড়ি ঢাকার ইস্কাটনে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এস আই স্বপন কুমার দাস জানান, ফতুল্লার ভূইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গতকাল সন্ধ্যা ৭টায় ব্যাটারিচালিত অটো রিকশা সড়কে মোড় নেয়ার সময়ে ঢাকামুখী একটি ট্রাক চাপা দিলে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ প্রতিনিধি: বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রাঘবপুর এলাকায় গৌরীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ জন ও হাসপাতালে ২ নিহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন।
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা: বিশ্বনাথে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিছাবাজার এলাকায় গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার দেওকলস নোয়াগাঁও গ্রামের নোমান আহমদ (১৬) ও একই গ্রামের খালেদ আহমদ (১৫)। এছাড়া গুরুতর আহত অবস্থায় দেওকলস গ্রামের রহিম আহমদকে (১৯) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথগামী একটি মাটি ভর্তি ট্রাক মোটরসাইকেলসহ ৩ আরোহীকে চাপা দিলে ঘটনা ঘটে। থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।