২০ দলীয় জোটের লাগাতার অবরোধে স্থবির হয়ে পড়েছে সমুদ্র সৈকত কুয়াকাটার পর্যটন শিল্প। সহিংসতার শঙ্কায় ভ্রমণের আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকরা। ফলে এ ভরা মৌসুমে অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। পর্যটকরা হোটেল-মোটেলের অগ্রিম বুকিং বাতিল করছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন নেয়া হচ্ছে কড়া নিরাপত্তা। চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা এখন চোখে সর্ষে ফুল দেখছেন। লাভ তো দূরের কথা আনুষঙ্গিক খরচ ও স্টাফদের বেতন দেয়া নিয়ে তারা চিন্তিত।
গত বছরগুলোতে এমন সময় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যবসা ছিল জমজমাট। কোন হোটেলে রুম খালি থাকত না। প্রায় ১০/১৫ দিন আগে রুমের অগ্রিম বুকিং দিতে হত। এ বছর আগের মত অবস্থা নেই। হোটেল ব্যবসায়ীরা বসে বসে ঝিমাচ্ছেন। কুয়াকাটা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইমতিয়াজ তুষার জানান, লাগাতার অবরোধের ফলে সহিংসতার শঙ্কায় দেশি-বিদেশি পর্যটকরা পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এভাবে চলতে থাকলে এ ব্যবসা বন্ধ হয়ে যাবে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরিফ বলেন, গত মৌসুমে পর্যটন ব্যবসায় মন্দাভাব দেখা গেছে। এ বছরও একই অবস্থা। এভাবে চলতে থাকলে আমরা নিজেরা কীভাবে চলবো কিংবা কর্মচারীদেরও কীভাবে চালাবো বলে তিনি পাল্টা প্রশ্ন করেন।
