কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সমালোচনা করে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সাবেক মন্ত্রী জয়ন্তী নটরাজন পদত্যাগ করেছেন। ভারতের সাবেক পরিবেশ মন্ত্রী জয়ন্তী গতকাল শুক্রবার দিল্লিতে তার পদত্যাগের ঘোষণা দেন। দলের এ জ্যেষ্ঠ নেতার পদত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা।
রাহুল গান্ধীর সমালোচনা করে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মন্ত্রী থাকাকালে সরকারের নির্দেশ মেনে কাজ করার চেষ্টা করেছি। তবে রাহুল গান্ধীর কার্যালয় থেকে বিভিন্ন সময়ে আমার কাজে হস্তক্ষেপ করা হতো। যার কারণে স্বাধীনভাবে কাজ করার কোন উপায় ছিলো না। রাহুলের নির্দেশনার কারণেই অনেক প্রকল্প বন্ধ করতে বাধ্য হয়েছি। পদত্যাগের আগে কংগ্রেস সভানেত্রীকে চিঠি লিখে নিজের বঞ্চনার কথা তুলে ধরেন। ২০১৩ সালে নটরাজনকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
