বীমা খাতে অটোমেশনের কাজ চলছে :আইডিআরএ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

ব্যাংক খাতের মতো বীমা খাতেও অটোমেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন হলে বীমা সংশ্লিষ্ট সবতথ্য আইডিআরএ’র কাছে থাকবে। এতে কোম্পানিগুলোকে বাস্তবিক অর্থে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তখন বীমা খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি। এসময় তিনি আইডিআরএ’র লোকবল সংকটের কথা উল্লেখ করে বলেন, আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়েছি। সেগুলো অনুমোদন হলে কাজের গতিও বাড়বে। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)’র সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান এসব কথা বলেন। গতকাল বুধবার দুপুরে আইডিআরএ’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আইডিআরএ চেয়ারম্যান বলেন, আমাদের নানা অর্জন তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা দরকার। আইআরএফ এ বিষয়ে আমাদের যথেষ্ট সহযোগিতা করবে। একইসঙ্গে কোনো ভুল-ত্রুটি থাকলে সেগুলোও প্রকাশ করবে যাতে করে আমরা ভুল শুধরাতে পারি।

সভায় আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি রেজাউল হক কৌশিক, সাধারণ সম্পাদক রহিম শেখ, সহ-সভাপতি গোলাম মওলা, সাবেক সাধারণ সম্পাদক গাজী আনোয়ারুল হক প্রমুখ।