খালেদার কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০

রাত সোয়া ৯টার দিকে গুলশানে ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দেড়শ গজের মধ্যে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করছিলেন। কার্যালয় তখন বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল এবং কার্যালয়ের আশেপাশের সড়কগুলোতে অর্ধ শতাধিক পুলিশ ছিল।

হাতবোমা বিস্ফোরণের আগে থেকে খালেদার ওই কার্যালয়টি প্রায় অন্ধকার হয়ে ছিল। আশপাশের বাড়িগুলো বৈদ্যুতিক বাতিতে আলোকিত হলেও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জ্বলছিল মোমবাতি। শনিবার ভোররাতে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। একে ‘নিকৃষ্ট নিষ্ঠুরতা’ বলেছেন খালেদা। তবে রাত সাড়ে ১০টার সময় ওই কার্যালয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।