রাজশাহী চট্টগ্রামে পুলিশের ওপর বোমা হামলা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৩১

রাজশাহী ও চট্টগ্রামে গতকাল শনিবার ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবির। হামলা চালিয়ে পালানোর সময় দুই শিবির কর্মীকে আটক করেছে রাজশাহী পুলিশ। অন্যদিকে হামলার ঘটনায় চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে ৩৫ ছাত্রকে আটক করেছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশায় পেট্রোল বোমা ছুঁড়ে পালানোর সময় স্থানীয়রা এক শিবির কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: 

চট্টগ্রাম অফিস: দুপুরে নগরীর চন্দনপুরায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করতে চাইলে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে শামীম নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ওই এলাকায় ছাত্রশিবির নিয়ন্ত্রিত দারুল উলুম মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করে। এদের অধিকাংশই শিবিরের নেতা-কর্মী বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানান, অভিযানকালে ছাত্রাবাস থেকে দুই কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। নিরীহ কোন ছাত্র থাকলে তাদের ছেড়ে দেয়া হবে।
এদিকে নগরীর আগ্রাবাদ এলাকায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় লক্ষ্য করে গতকাল দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।
রাজশাহী অফিস: গতকাল বেলা সাড়ে ১১টার দিকের নগরীর লোকনাথ স্কুল এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি  হাতবোমা ছুঁড়ে পালানোর সময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন রাজশাহীর মোহনপুরের উপজেলার সাঁকোয়ার ফজলুল হকের ছেলে সাইফুল ইসলাম সেলিম এবং নওগাঁর মান্দা উপজেলার বদ্দিপুরের শওকত আলীর ছেলে নওশাদ আলী। সাইফুল রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র ও  নওশাদ আলী রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): উপজেলার ভুলতা তাঁতবাজার মার্কেটের সামনে গতকাল সকালে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। আগুন দেয়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী ও চালক-হেলপার নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও বাস শ্রমিকরা আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ: শহরের নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গতকাল সন্ধ্যায় ২০ দলীয় জোট মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ তাদের ধাওয়া ও লাঠিচার্জ করলে ৫ জন আহত হয়। এসময় নেতাকর্মীরা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ নেতাকর্মীকে আটক করেছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল দুপুরে সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা হামলা চালিয়ে পালাবার সময় এক শিবির কর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক মোহাম্মদ আলী উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের জিন্নত আলীর ছেলে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী  আঞ্চলিক মহাসড়কে আশিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমার আঘাতে বাস চালক মো. সুমন (৩০) নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। নিহত বাস চালক সুমনের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।
এদিকে শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত পুলিশের অভিযানে সাতক্ষীরায় ৪৫ জন ও  দিনাজপুরে ১৮ জন আটক হয়েছেন।
সিলেট অফিস: গতকাল সন্ধ্যায় নগরীর সোবহানীঘাট এলাকায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে চালক ও তিন যাত্রী আহত হয়েছেন।  তারা হলেন বাস চালক ফরিদ, যাত্রী এমাদ হোসেন, সাইফুল্লাহ ও কামরান। তাদের স্থানীয় হাসপাতালে  চিকিত্সা দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি:  গত রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি গরু বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা একটি বাস ভাংচুর করেছে। এর পরপরই জেলা বিএনপি অফিসে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। এতে অফিসে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার ব্রিগেড  আগুন নিভিয়ে ফেলে।
জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগরে ঢাকাগামী নৈশকোচ উত্তরা ইউনিক পরিবহনে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিক্স ফিল্ড নামক স্থানে এই হামলা চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সন্ধ্যার পর থেকে নগরীর আগ্রাবাদ, বহদ্দারহাট ফ্লাইওভারের উপরে ও কাঁচা বাজারে, এনায়েত বাজার ও লাভলেইন মোড়ে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। যানবাহন চলাচল বিঘ্নিত হয়। সিএমপি বিশেষ শাখার সহকারী কমিশনার নজরুল ইসলাম ইত্তেফাককে জানান, ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে কালুরঘাট বিদ্যুত্ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে ও ভেতরে ৩টি ককটেল বিস্ফোরিত হয়। পিডিবি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, তিনজন মুখোশ পরা লোক দ্রুত এসে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার গাড়িটি ভাংচুর করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।