খালেদা জিয়াকে শিক্ষার্থীদের স্মারকলিপি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৫১

এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা। শনিবার গুলশানের ওয়েস্টিন হোটেলের সামনে ২৫-৩০ জন অভিভাবক জড়ো হন। পরে তারা বিএনপি কার্যালয়ে গিয়ে মানববন্ধন করেন। অভিভাবকরা বেগম খালেদা জিয়ার সাথে দেখা এবং স্মারকলিপি দেয়ার চেষ্টা করেন। এ সময় কার্যালয়ের এক কর্মচারী স্মারকলিপি গ্রহণ করেন। 

মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবক মাহফুজা খানম লাভলি রহমান বলেন, আমরা আমাদের সন্তানদের নিয়ে চিন্তিত, উত্কণ্ঠিত। আমরা তাদের নিরাপদে পরীক্ষা দেয়ার সুযোগ দিতে বিএনপি নেত্রীর কাছে আবেদন নিয়ে এসেছি। আমরা চাই অন্তত পরীক্ষার সময় হরতাল প্রত্যাহার করুন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এসএসসি পরীক্ষায় অনেক ছেলে-মেয়ের ভবিষ্যত্ জড়িত। এটি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যা বার বার দেয়া সম্ভব নয়। এ অবস্থায় আপনার ডাকা হরতাল ও অবরোধ বন্ধের জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাই।
স্মারকলিপিতে বলা হয়, ও এবং এ লেভেলের পরীক্ষার্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও এ পরীক্ষা হরতাল-অবরোধের আওতার বাইরে রাখার কথা ছিল।  কিন্তু কে পরীক্ষার্থী কে পরীক্ষার্থী নয় তা জানা বা চি?হ্নিত করা সম্ভব নয়। এ রকম পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন।
কর্মসূচিতে অভিভাবকদের পক্ষে মাহবুবা বেগম, জুলেখা, ফেরদৌসী সুলতানা, সাবিহা প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মানববন্ধন :এছাড়া গতকাল সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের প্রবেশ সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী সকাল সাড়ে ১০টার দিকে ‘অবরোধ-হরতাল প্রত্যাহার কর’, ‘সহিংসতা বন্ধ কর’ এমন ফেস্টুন নিয়ে গুলশানের ৮৬-নং সড়কের দক্ষিণমুখে অবস্থান নেয়। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের সেখানে নিয়ে যান।
প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা রাজনৈতিক অস্থিরতা চাই না। শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন। তারা যাতে নিরাপদে পরীক্ষা দিতে পারে, সেজন্য সহিংস কর্মসূচি প্রত্যাহারের দাবি জানাতে এসেছি।’

শিক্ষার্থীরা খালেদা জিয়ার কার্যালয়ের দিকে এগুতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে দাঁড়িয়ে তারা মানববন্ধন করে।