ক্যামেরুনে হামলায় বোকো হারামের ১২০ জঙ্গি নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১১
 
ক্যামেরুনের সীমান্ত এলাকায় চাদ সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে বোকো হারামের ১২০ জন জঙ্গি নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে চাঁদের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এ সময় চাদের সেনাবাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছে।
বোকো হারাম সম্প্রতি নাইজেরিয়ার সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী ক্যামেরুন ও চাদে হামলা চালানো শুরু করেছে। নাইজেরিয়ার বিদ্রোহী এই জঙ্গি গোষ্ঠিটি দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত পাঁচ বছর ধরে লড়াই চালিয়ে আসছে।
চাদের সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি গোষ্ঠিটির সঙ্গে লড়াই করার লক্ষ্যে চাদ ও ক্যামেরুন তাদের সামরিক বাহিনীর উন্নয়ন ঘটিয়েছে। তারা বোকো হারামদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।
বোকো হারাম জঙ্গিদের সঙ্গে লড়াই করতে নাইজেরিয়া, চাদ, ক্যামেরুন, নাইজার ও বেনিনের সেনাদের নিয়ে ৭,৫০০ জনের একটি বাহিনী গড়ে তোলার পরামর্শ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ।