পেট্রোল বোমা হামলার জেরে চালের মিলে আগুন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:০২
যশোরে চালবাহী ট্রাক ও প্রাইভেটকারে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেটকারটিও। হামলায় ট্রাক চালক নাজিম উদ্দিন (২৫) গুরুতর আহত হয়েছেন। নাজিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোনোরেশপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা-বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর যশোরের ঝিকরগাছার একটি ধানের চাতাল ও চালমিলসহ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।
পেট্রোল বোমা হামলার শিকার ট্রাক চালক নাজিম উদ্দিন জানান, তিনি ট্রাকে চাল নিয়ে সাতক্ষীরা থেকে ফরিদপুরের মধুখালী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার সামনে থাকা প্রাইভেটকারে প্রথমে ইট নিক্ষেপ করে। এতে প্রাইভেটকার ও তার ট্রাকটি দাঁড়িয়ে যায়। পরে তিনি (নাজিম উদ্দিন), তার হেলপার ও প্রাইভেটকার যাত্রী নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালায়। বোমায় তিনি আহত হন। তার ট্রাক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সাথে আহত নাজিম উদ্দিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বোমার স্পিল্টারে নাজিম আহত হয়েছেন। তার শরীর থেকে বোমার স্পিল্টার বের করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, একটি চাল বোঝাই ট্রাক ও একটি প্রাইভেটকারে ইটপাটকেল নিক্ষেপের পর পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ট্রাক ড্রাইভার নাজিম আহত হয়েছেন। তবে এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি।
এদিকে ওই ঘটনার পরপরই যশোরের ঝিকরগাছার একটি ধানের চাতালসহ কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। এতে চাতালের গুদামে রাখা প্রায় চার হাজার বস্তা চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নতুনহাট এলাকায় একটি প্রাইভেটকার ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়ার জের ধরে রাত সাড়ে ১২টার দিকে ঐ এলাকায় অবস্থিত বিএনপি নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের মালিকানাধীন রুমা রাইস মিল ও ধানের চাতালে হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় তারা চাতালের কর্মীদের বের করে দিয়ে চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে গুদামে রক্ষিত প্রায় আট হাজার বস্তা চালের মধ্যে অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হামলাকারীরা ওই এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বেশ কিছু বাড়ি-ঘরও ভাঙচুর করেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ বলেন, ‘একটি চাতালে আগুন দেয়ার খবর তারা পেয়েছেন। তবে কারা দিয়েছে তা এখনও সনাক্ত করা যায়নি।’