সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর রিয়া মহল সিনেমা হলের সামনে এশিয়ান হাইওয়ে সড়কে রোববার রাতে হরতাল-অবরোধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। পর পর ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে সোনারগাঁও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আব্দুল হালিম ও ফয়সাল আহম্মেদ জসিম নামে দুই শিবির কর্মীকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নয়াপুর এলাকায় রোববার রাত ৯টার দিকে ২০-২৫ জামায়াত-শিবির নেতাকর্মীরা হরতাল-অবরোধ সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে। এসময় ওই এলাকায় পর পর ১০টি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ওই সড়কে চলাচলরত কয়েকটি গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হালিম ও ফয়সাল আহম্মেদ ওরফে জসিম নামে দুই জনকে আটক করে। আব্দুল হালিম উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের ইসলাম মিয়ার ছেলে ও ফয়সাল আহম্মেদ ওরফে জসিম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
সোনারগাঁও থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
