পরীক্ষার্থীদের প্রয়োজনে কেন্দ্রে পৌঁছে দেবে র‌্যাব

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ০২:০৭

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। সারাদেশে র‌্যাবের যে কোন কার্যালয়ে পরীক্ষার্থীদের অভিভাবক বা শিক্ষকরা সহযোগিতা চাইলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছে দেয়া হবে।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রূপাতলীস্থ র‌্যাব-৮ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে র‌্যাব মহাপরিচালক বলেন, পরীক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি র‌্যাবসহ আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র মানুষকে পুড়িয়ে মারছে এ থেকে মানুষকে রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। র্যাব মহাপরিচালক বলেন, পরীক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা দিতে র্যাবের সব ধরনের সক্ষমতা রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, ডিআইজি মোঃ হুমায়ুন কবির, পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, র্যাব-৮’র কমান্ডিং অফিসার লে. কর্নেল ফরিদুল আলম, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ প্রমুখ। এর আগে সকাল ৯টায় র্যাব ডিজি বেনজীর আহমেদ র্যাব-৮-এর অস্থায়ী কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।