বিএনপি চেয়ারপারসনকে সন্ত্রাস ও নৈরাজ্যের নেত্রী উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বেগম জিয়া এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে যুক্ত। তিনি এখন নিষিদ্ধ সংগঠনের নেত্রীর মতো আচরণ করছেন। জামায়াতের জঙ্গিদের সাথে নিয়ে সারাদেশে পেট্রোলবোমা নিক্ষেপ করে সহিংসতা চালাচ্ছেন। আন্তর্জাতিক জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয় বেগম জিয়ার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এ নেতা।
সোমবার প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘হরতাল অবরোধের নামে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের’ প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমাদের কাছে তথ্য আছে খালেদা জিয়া ইমেইল-টেলিফোনের মাধ্যমে সরাসরি নৈরাজ্য চালানোর নির্দেশনা দিচ্ছিলেন।
পেট্রোলবোমা নিক্ষেপকারীদের শাস্তি প্রদান প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘আমি আইন মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলবো মৃত্যুদণ্ডের বিধান রেখে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে যেন পেট্রোলবোমা নিক্ষেপকারীদের শাস্তি প্রদান করা হয়। এরা (পেট্রোলবোমা নিক্ষেপকারী) জনগণের শত্রু, জাতির শত্রু।
সাজাহান আলম সাজুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, লিয়াকত আলী জিন্নাহ, এম এ করিম, অরুণ সরকার রানাসহ প্রমুখ।
