নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলায় পাখি শিকার করতে আসছেন সৌদি যুবরাজ ফাহদ বিন সুলতান বিন আব্দুল আজিজ আল-সউদ। সোমবার ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে বেলুচিস্তান হাইকোর্ট ঐ এলাকায় পাখি শিকার নিষিদ্ধ করে। তারপরও বেলুচিস্তান কর্তৃপক্ষ সৌদি যুবরাজকে সেখানে শিকারে যাওয়ার অনুমতি দিয়েছে।
যুবরাজের শিকারের আয়োজন সুসম্পন্ন করতে ইতোমধ্যে একটি দল চাগাই পৌঁছেছে। পাখি শিকারের জন্য এখানে কয়েক সপ্তাহ অবস্থান করবেন যুবরাজ।
চাগাই জেলার বন্যপ্রাণী বিভাগের বন কর্মকর্তা সাইফুল্লাহ জেহরি জানান, যুবরাজ ফাহাদের শিকারের জন্য বাজপাখি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসা হয়েছে।
শিকারের অনুমতি বাতিলের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে যুবরাজের স্থানীয় প্রতিনিধিকে আদালতের রায়ের বিষয়টি জানানো হয়েছে।
রবিবার দুইটি বিমানে রাজ পরিবারের ঐ দলটি দালবানদিন বিমানবন্দরে পৌঁছেছেন। এরপর তারা মরুভূমির কাছে বারথাগাজি এলাকা পরিদর্শন করেছেন। চলতির বছরের প্রথম দিকে চাগাই জেলার একাংশ তাবুকের গভর্নর প্রিন্স ফাহাদকে এ সংরক্ষিত এলাকায় শিকারের বিশেষ অনুমতি দিয়েছেন।
এর আগে গত বছর যুবরাজ ফাহাদ দুই হাজার ১০০ বিলুপ্ত প্রজাতির পাখি শিকার করেছিলেন। ঐ ঘটনাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে বেলুচিস্তান হাইকোর্ট প্রাদেশিক সরকারের দেয়া শিকারের সব বিশেষ অনুমতি বাতিল করেছেন।
