‘আওয়ামী লীগকে ঢাকা ছাড়া করতে একটি ফোনকলই যথেষ্ট’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩৮

সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, পুলিশ ও বিশেষ বাহিনী না থাকলে আওয়ামী লীগকে ঢাকা ছাড়া করতে একটি ফোনকলই যথেষ্ট। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্বাচন না দিলে আওয়ামী লীগের অবস্থা একাত্তরের পরাজিত শক্রদের মত হবে।
স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত এ শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, কামাল আহমেদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের এবং সঞ্চালক ছিলেন ড. আব্দুর রহমান।
শোকসভায় সাদেক হোসেন খোকা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, পুলিশ ও অনান্য বাহিনী নিয়ে আপনারা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বসে হুঙ্কার ছাড়ছেন। এসব বাহিনী সরিয়ে নিন, আপনাদের ঢাকা ছাড়া করতে ৩০ মিনিটের বেশি সময় লাগবে না। এজন্য আমার বেশি সাংগঠনিক কার্যক্রমেরও দরকার নেই। নিউইয়র্ক থেকে একটা ফোন করে দিলেই হয়ে যাবে।
সাদেক হোসেন খোকা আরো বলেন, জনপ্রিয়তার হুমকি আমাদের দিবেন না। কিছু আওয়ামী পাণ্ডাকে বিভিন্ন জায়গায় কর্মকর্তা নিয়োগ করে ভাবছেন পুরো দেশ নিজেদের হয়ে গেছে। এটা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন।
উল্লেখ্য, নিউইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নিতে আসা সাদেক হোসেন খোকা সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখছেন। যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। যদিও নিউইয়র্কে দীর্ঘদিন তার অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যেই ভিন্নমত রয়েছে।
যুক্তরাষ্ট্র যুবদলের শোকসভা আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র যুবদল।
যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শরাফত হোসেন বাবু, মঞ্জুর আহমদ চৌধুরী, জসীম উদ্দিন ভুঁইয়া, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ প্রমুখ।