গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে দুষ্কৃতকারীরা একটি পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। পেট্রল বোমা বিস্ফোরিত হয়নি। তবে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ রেল পথে গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী ৫১ নং আপ জামালপুর কমিউটার ট্রেনটি আনুমানিক সাড়ে ৫টার দিকে ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে পৌঁছায়। এসময় দুর্বৃত্তরা একটি ককটেল ও একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রল বোমাটি বিস্ফোরিত না হলেও ককটেলটি বিস্ফোরিত হয় । এতে তিন জন আহত হয়।
জয়দেবপুর রেল স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, বিকাল সোয়া ৫টার দিকে ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়। তিনি জানান, একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটলেও এতে কেউ আহত হয়নি। ট্রেনটি যথারীতি জামালপুরের উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে গেছে।
