২ অনুশীলন ম্যাচে খেলছেন না তামিম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৫১
ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে প্রথম দুটি অনানুষ্ঠানিক অনুশীলন ম্যাচে তামিম খেলতে পারবেন না, এটা আগেই অনেকটা নিশ্চিত ছিল। একটা ধারণা ছিল, প্রথমটি না হলেও দ্বিতীয় ম্যাচে খেলবেন তামিম। সোমবার অস্ট্রেলিয়ায় অবস্থানরত দলীয় সূত্র নিশ্চিত করলো, দুটি অনুশীলন ম্যাচের একটিতেও তিনি খেলবেন না। যদিও দ্রুতই সেরে উঠছেন তামিম। কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই বাহাতি ওপেনারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট।
এর আগে গত ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়ে যান তামিম ইকবাল। ২৯ তারিখ সকালে হাঁটু অস্ত্রপচার বিশেষজ্ঞ ডেভিড ইয়াং তামিমকে দেখে সিদ্ধান্ত নেন, তার অস্ত্রপচার লাগবে। সেই মোতাবেক সেদিনই মেলবোর্নের অ্যাভিনিউ ইন হাসপাতালে তামিমের অস্ত্রপচার সারেন বিশ্বখ্যাত এই সার্জন। তারপর দুই সপ্তাহ অস্ট্রেলিয়াতেই পুনর্বাসন শেষ করে দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। অবশেষে ২৬ জানুয়ারি, দলের অস্ট্রেলিয়া যাত্রার একদিন পর মেলবোর্ন যান তামিম। সেখান থেকে ডাক্তার দেখিয়ে আবার ব্রিসবেনের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।