ব্যাংককে নিরাপত্তা জোরদার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৫৩



 থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলের কাছে দু’টি পাইপ বোমা বিস্ফোরিত হওয়ার পর সোমবার জান্তা সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অঙ্গীকার করেছে।
গত মে মাসে সামরিক শাসন জারির পর দেশটিতে যে অস্বাভাবিক শান্ত অবস্থা বিরাজ করছিল সেক্ষেত্রে এটা প্রথম বড় ধরনের ঘটনা।
কর্তৃপক্ষ এই বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জাতীয় অস্থির রাজনীতির কোন সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানাতে অস্বীকার করেছে। এই ঘটনায় দুই পথচারী সামান্য আহত হয়েছে। নগরীর মধ্যাঞ্চলে অবস্থিত প্যারাগন মলে রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে।
তবে দেশটির উপ-প্রধানমন্ত্রী প্রাউইত ওংসুওন সতর্ক করে জানিয়েছেন, জনসাধারণ এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থার সম্মুখীন হবে। খবর এএফপি’র।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা দেশব্যাপী কঠোর নিরাপত্তা বলবৎ করব। কোন কোন এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক তল্লাশী চালাতে হবে।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত আমরা এখনো তা নিশ্চিতভাবে বলতে পারি না। যারা এর পেছনে জড়িত তাদের খারাপ উদ্দেশ্য থাকতে পারে অথবা তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বা ভিন্ন মতাবলম্বীও হতে পারে।’
সোমবার পুলিশের ফরেনসিক বিভাগের একটি দল বিস্ফোরণে সৃষ্ট ধ্বংসাবশেষ দেখেছে। স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে (গ্রিনিচ মান সময় ১৩০০) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্যারাগন শপিং সেন্টারটি বিস্ফোরণস্থলের খুবই কাছে অবস্থিত।
জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভোর্নসিরি বলেন, ‘বড় ধরনের কোন ক্ষতি করার জন্য নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়।’
গত বছর এক সেনা অভ্যুত্থানে থাইল্যান্ডের নির্বাচিত সরকারের পতনের পর থেকে দেশটিতে সামরিক আইন বলবৎ রয়েছে।