ছাত্রজীবনে স্কুলের লাইব্রেরি থেকে বই ভাড়া নেয় শিক্ষার্থীরা। ভাড়া নেয়ার মেয়াদ শেষ হলে ফেরত দিতে হয় লাইব্রেরিতে। দেরি হলে জরিমানাও গুনতে হয়। নিজের স্কুলের লাইব্রেরি থেকে বই নিয়ে ফেরত দিতে ভুলে গিয়েছিলেন যুক্তরাজ্যের অশীতিপর এক বৃদ্ধ। ৮২ বছর বয়স্ক ওই বৃদ্ধের নাম জে টিডম্যাস। সম্প্রতি তিনি তার বইয়ের তাক পরিস্কার করার সময় একটি বইয়ের ভেতরে লেখা দেখতে পান ‘বইটি টনটোন স্কুলের সম্পত্তি’। টিডম্যাসের মনে পড়ে গেল তিনি ১৯৪৯ সালে ওই স্কুল থেকে পাস করে বেরিয়ে এসেছেন। এবার বুঝতে পারলেন লাইব্রেরি থেকে বইটি নিয়ে তিনি সেটি ফেরত দিতে ভুলে গিয়েছিলেন। আত্মগ্লানি থেকে তিনি বইটি স্কুলে ফেরত দেয়ার সিদ্ধান্ত নিলেন। সেই সঙ্গে জরিমানা হিসেবে নিয়ে গেলেন ১৫শ পাউন্ড (প্রায় পৌনে দুই লাখ টাকা)। স্কুল কর্তৃপক্ষ তার এই উদারতার ভূয়সী প্রশংসা করে ঘোষণা দেয়, যারা বই নিয়ে ফেরত দিতে ভুলে গেছেন তারা যদি বই ফেরত দিয়ে দেন তবে জরিমানা মওকুফ করা হবে। -টেলিগ্রাফ
