মালিবাগে বাসে আগুন, শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১১:০৩
 
রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শাহজাদপুরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, সকাল সোয়া সাতটার দিকে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় মাওয়া-গাজীপুর রুটে চলাচলকারী ‘প্রচেষ্টা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে প্রায় একই সময়ে শাহজাদপুরে একটি ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। এসময় মিছিল থেকে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।