তুষারে ঢেকে গেছে বোস্টন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৩৭



যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় বোস্টন নগরীতে স্থানীয় সময় সোমবার রেকর্ড পরিমাণ তুষারপাত ঘটেছে। মারাত্মক তুষার ঝড়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
জাতীয় আবহাওয়া সংস্থা বেশ কয়েকটি শহরে তুষারঝড়ের আগাম সতর্কতা ঘোষণা করেছে। একইসঙ্গে সংস্থাটি জানিয়েছে বোস্টনে রেকর্ড পরিমাণ তুষারপাত ঘটেছে। যার পরিমাণ ১৫.৯ ইঞ্চি। বোস্টনে এর আগের তুষারপাতের রেকর্ড ছিল ১১.১ ইঞ্চি যা ১৯৭৪ সালে ঘটেছিল।
এদিকে অব্যাহত তুষারপাত এবং তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ায় বোস্টনের লগান এয়ারপোর্টে অধিকাংশ আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর, নিউজার্সির নিউআর্ক ও নিউইয়র্কের লাগুরাদিয়া বিমানবন্দরেও হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বোস্টনের স্কুল কলেজ মঙ্গলবারও বন্ধ রাখা হচ্ছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে ঝড়ের যে সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র-বাসস।