লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধ চালকের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩৫
 
লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধ পিকআপ ভ্যান চালক কামাল হোসেন মারা গেছেন। ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার ভোরে তিনি মারা যান। কামাল সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সাফায়েত উল্যার ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে  চৌমুহনী থেকে চাল বোঝাই একটি পিকআপ ভ্যান লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুর কারাগার এলাকায় এসে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে চালকসহ তিনজন দগ্ধ হন। আহতদের প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। কামাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে ভোররাতেই তিনি মারা যান। আহত জুয়েল ও মিলন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন।