আক্কেলপুরে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮

উপজেলা পরিষদ নির্বাচনে আক্কেলপুরে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার। আর স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। নির্বাচনকে সামনে রেখে এই দুই চেয়ারম্যান প্রার্থী একে অন্যের দোষ-অনিয়ম তুলে ধরে পথসভায় বক্তব্য দিচ্ছেন, জানান দিচ্ছেন নিজেদের শক্তির বলয়। আর ভোট প্রার্থনা করছেন। তাই উপজেলায় ভোটের মাঠে আওয়ামী লীগের শত্রু এখন আওয়ামী লীগ হয়ে দাঁড়িয়েছে। এবার আক্কেলপুরে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম আকন্দ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন।

চেয়ারম্যান পদে মোকছেদ আলী মাস্টার (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম (তালা) ও নারী ভাইস চেয়ারম্যান পদে আছিয়া খানম সম্পা (প্রজাপতি) এ তিনজনকে নিয়ে দলীয় সিদ্ধান্তে প্যানেল তৈরি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম আকন্দ চেয়ারম্যান পদে (আনারস) পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কৃষক লীগ নেতা জিয়াউল হক জিয়া (মাইক) ও রুকিন্দীপুর ইউনিয়ন মহিলা লীগ নেত্রী নারী ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা শিল্পীকে (ফুটবল) নিয়ে আরেকটি প্যানেল তৈরি হতে পারে বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোকছেদ আলী মাষ্টার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আমি। নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আশা করি, আমি নির্বাচিত হব।

স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম আকন্দ বলেন, আমি উপজেলাবাসীর অনুরোধে ভোটে দাঁড়িয়েছি। এলাকায় আমার প্রতীক আনারস। উপজেলায় আমার মার্কার জোয়ার বইছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে চেয়ারম্যান পদে মোকছেদ আলী মাষ্টার (নৌকা) এবং স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা আনোয়ারুল ইসলামকে পুরুষ ভাইস চেয়ারম্যান ও আছিয়া খানম সম্পাকে নারী ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দিচ্ছি।