তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সংস্কৃতির ওপর বিদেশি অপসংস্কৃতি প্রভাব রোধ করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, অপসংস্কৃতি রোধের পদক্ষেপের অংশ হিসেবে বিদেশি স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারে শৃঙ্খলা আনার জন্য বর্তমান সরকার ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা ২০১০’ জারি করেছে। এর ফলে বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনকৃত বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ছাড়া অন্য কোন চ্যানেল প্রদর্শিত হয় না। যেসব বিদেশি চ্যানেলে অশ্লীল এবং অরুচিকর অনুষ্ঠান সম্প্রচারিত হয় সেগুলো বাংলাদেশে ডাউনলিংক করার অনুমোদন প্রদান করা হয় না।
তিনি বলেন, চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রচলিত সেন্সর আইন যথাযথভাবে প্রতিপালনের কারণে বিদেশ থেকে আমদানিকৃত অশ্লীল চলচ্চিত্র প্রদর্শন বন্ধ হয়েছে। আধুনিক তথ্য-প্রযুক্তির সর্বগ্রাসী প্রভাবের যুগে একমাত্র দেশীয় সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিদেশি অপসংস্কৃতি রোধ করা সম্ভব। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশীয় সংস্কৃতি বিকাশে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং চলচ্চিত্র শিল্পকে বিশ্বমানে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করেছে।
