‘জাতিসংঘে পাকিস্তানের বিপক্ষে ভোট দেবে চীন রাশিয়া’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৩২

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী ইস্যুতে পাকিস্তানের বিপক্ষে ভোট দেবে চীন ও রাশিয়া। গত সোমবার চীনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের মুম্বাইয়ে ২৬/১১ হামলাসহ অন্যান্য স্থানে হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ এনে এবং শাস্তির দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে ভারত। চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবের পক্ষে সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এসময় দুইটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরাই এক্ষেত্রে ভারতকে তাদের সমর্থনের কথা জানান। সুষমা স্বরাজ এই সমর্থনকে ভারতের জন্য একটি বড় অর্জন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন। তারা পাকিস্তান রুষ্ট হতে পারে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না; কিন্তু এক্ষেত্রে তারা অবস্থান নিচ্ছে। কারণ চীন তার জিনজিয়াং প্রদেশে সন্ত্রাসের জন্য অভিযোগ করে থাকে-বিদেশিরা এসব সন্ত্রাসীদের সমর্থন দেয়। আরআইসি সামিটের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং ভারতের সুষমা স্বরাজ একটি যৌথ ইশতেহার ইস্যু করেন। ইশতেহারে সন্ত্রাসীদের পরিকল্পনাকারী, সংগঠক এবং অর্থ সহায়তাকারীদের শাস্তির দাবি জানানো হয়। তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সমন্বিত সম্মেলনের আহবান জানান। জাতিসংঘ, এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (অ্যাপেক) এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও)  বৃহত্তর ভূমিকা পালন করার ক্ষেত্রেও ভারতকে সমর্থন দেয় চীন এবং রাশিয়া। এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে, চীন এবং রাশিয়া ভারতকে তাদের দিকে নিতে চেষ্টা চালাচ্ছে। ভারতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের পর বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠছে। প্রেসিডেন্ট ওবামা অ্যাপেক এবং নিউক্লিয়ান সাপ্লাইস গ্রুপে ভারতের সদস্যপদের ব্যাপারে সমর্থন দিয়েছেন।