রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ীর চেয়ারম্যানবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহত দুই যুবক নাশকতার সাথে জড়িত ছিল।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান জানান, র্যাব-১০ এর একটি টহল টিম রাত ২টার দিকে চেয়ারম্যানবাড়ী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নাশকতাকারীরা র্যাবের গাড়িটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। তবে সেটি গাড়ি থেকে কিছুটা দূরে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় র্যাব সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা র্যাবকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
