গুলি ঠেকাতে পারে এরকম বুলেটপ্রুফ পোশাকের একটি দোকান চালু হয়েছে নেদারল্যান্ডসের একটি শহরে। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তত্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেতারা প্যানামেরা নামক ঐ দোকান থেকে শুধু ফ্যাশনেবল ভেস্টই কিনতে পারছেন না, তারা সেখান থেকে সংগ্রহ করছেন স্যুট, চামড়ার জ্যাকেট, এমনকি টাইও।
ঐ দোকানে কলম্বিয়ান একটি ব্র্যান্ডের বুলেটপ্রুফ কিছু কাপড়ও বিক্রি হচ্ছে যা দেখতে খুবই সাধারণ পোশাকের মতো। বুলেট প্রুফ এসব কাপড় সরু পাতলা গেঞ্জির মতো যা টি শার্টের নিচেও পরা যায়।।
কর্মকর্তারা বলছেন, যারা তাদের কর্মক্ষেত্রে নিজেদের জীবনকে খুব একটা নিরাপদ মনে করেন না, তাদেরকে লক্ষ্য করেই এসব কাপড় বাজারে ছাড়া হচ্ছে।
ঐ কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, বিশেষ করে গহনার দোকান, পেট্রোল স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যে এই পোশাক তৈরি করা হয়েছে। তবে অপরাধীদের জন্যে এসব তৈরি করা হয়নি।
কর্মকর্তারা বলছে, গত জানুয়ারি মাসে প্যারিসে শার্লি হেবেদোর ওপর সন্ত্রাসী হামলার পর এধরনের পোশাকের প্রতি ক্রেতারা আগ্রহী হচ্ছেন।
কারা কি ধরনের পোশাক কিনছেন এবিষয়ে কোম্পানিটি থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।
এসব পণ্য খুব একটা সস্তা নয়। সবচেয়ে কম দামি পোশাকটির দাম প্রায় দুই হাজার ৭০০ ডলার।
