ইসলামিক স্টেট (আইএস) জর্ডানের পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে জীবিত পুড়িয়ে হত্যার ভিডিওচিত্র প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডান দুইজন সাজাপ্রাপ্ত ইরাকি জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মৃত্যুদ্ল কার্যকর হওয়া দুইজনের একজন নারী জিহাদি রয়েছে, যার নাম সাজিদা আল রিসাভী। তিনি একজন ব্যর্থ আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন। ২০০৫ সালে আম্মানে একটি হামলার ঘটনায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছিল।
অন্যজন হলেন- ইরাকের আল- কায়েদার জিয়াদ কারবলি।
পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে জীবিত পুড়িয়ে মেরে ফেলার ভিডিও চিত্রটি প্রকাশের পর ইসলামিক স্টেটের বিরুদ্ধে জর্ডান সরকারের ভাষায় ‘দুনিয়া কাঁপানো’ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল দেশটি।
গত ডিসেম্বরে সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে আল-কাসাসবেহ বিমানটি বিধ্বস্ত হলে তাকে আটক করে আইএস জঙ্গিরা।
জর্ডান সরকার সাজিদা আল রিসাভীর বিনিময়ে পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে মুক্তি চেষ্টা চালাচ্ছিল।
