জুবায়ের হত্যা মামলার রায় পেছাল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩০
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।
এর আগে আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু আসামিদের হাজির করতে না পারায় রায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি বিচারক নিজামুল হক বুধবার এ হত্যা মামলার রায় ঘোষণার দিন রেখেছিলেন। একই সঙ্গে মামলার সাত আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র নাজমুল হাসান প্লাবন, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম ও মাহমুদুল হাসান, পরিসংখ্যান বিভাগের শফিউল আলম সেতু ও অভিনন্দন কুণ্ডু ওরফে অভি ও অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু।
মামলার অন্য আসামিরা হলেন-  প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ, জাহিদ হাসান, দর্শন বিভাগের ইশতিয়াক মেহবুব অরূপ, রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম।
এদের মধ্যে আশিক, রিয়াজ, আকরাম ও অরূপ শুনানি চলাকালে কাঠগড়া থেকে পালিয়ে যান। মাহবুব আকরাম ছাড়াও নাজমুস সাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহত জুবায়ের এবং আসামিরা সবাই সরকার সমর্থক ছাত্রলীগের নেতাকর্মী।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের ২০১২ সালের ৮ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় পরে বিশ্ববিদ্যালয়ের তত্কালীন নিবন্ধক হামিদুর রহমান আশুলিয়া থানায় এই হত্যা মামলা করেন।

২০১২ সালের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ। অভিযোগ গঠনের আগে তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।