পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনাধীন আদাচায়ী টহল ফাঁড়ির সাহেব খালী খাল এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ছয় জেলেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে বনবিভাগের কর্মীরা। এসময়ে বিষের বোতল, জাল, নৌকাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা রেঞ্জ কর্মকর্তা আবু সালের নেতৃত্বে অভিযান চালিয়ে ছয় জেলেকে গ্রেফতার করা হয়। এসময়ে দুটি নৌকা, দুটি নিষিদ্ধ ডুবজাল ও তিনটি বিষের বোতলসহ অন্যান্য মালামাল জব্দ করে বনকর্মীরা।
কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত জেলেরা পাশ পারমিট নিয়ে অবৈধভাবে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।
দাকোপে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা বোর্ড বাড়ি এলাকায় বজ্রপাতে বিবেক সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় পার্শ্ববর্তী বিলে তরমুজ ক্ষেতে কাজ করার সময়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত বিবেক সরকার ওই এলাকার কালিপদ সরকারের ছেলে।
