সখীপুরে শ্বাসরোধ করে সদ্যবিবাহিত স্ত্রীকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার রাতে উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে স্বামী শরিফুল ইসলাম তার স্ত্রী রুমি আক্তারকে (১৮) গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। স্ত্রীকে হত্যা করে শরিফুল নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন তাকে আটক করে সখীপুর থানায় সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের বাবা আবদুর রউফ বাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি বাসাইল উপজেলার সুন্না গ্রামের লুত্ফর রহমানের প্রবাসী ছেলে শরিফুলের সঙ্গে সখীপুর উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া গ্রামের আবদুর রউফের মেয়ে রুমি আক্তারের বিয়ে হয়। শরিফুল ইসলাম চাকরিসূত্রে সিঙ্গাপুরে থাকেন।
রুমির চাচাত ভাই ওমর ফারুক বলেন, ছুটি নিয়ে এসে শরিফুল বিয়ে করে। মঙ্গলবার সকালে সে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসে। রাতে তাদের শোয়ার ঘরে গোঙানির শব্দ শুনে তিনি ও বাড়ির আরও লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকেন। রুমিকে খাটের ওপর নিথর দেহে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক ও মামলার আইও সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুত্ফুল কবীর বলেন, অভিযুক্ত স্বামী শরিফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
