রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২২/২৩ বছর বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, পুলিশের একটি টহল টিম ঐ এলাকায় গেলে গাড়ি লক্ষ্য করে ককটেল মারা হয়। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
