ইরাকের রাজধানী বাগদাদ থকে ১০ বছর আগে আরোপ করা কারফিউ তুলে নেয়া হচ্ছে আগামী শনিবার। শহরটিতে প্রায় এক যুগ পুরনো এই কারফিউ মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্যকর থাকে।
আগামী শনিবার থেকে পর্যায়ক্রমে এই কারফিউ তুলে নেয়া হবে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। বাগদাদ অপারেশন ব্রিগেডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। পর্যায়ক্রমে এই কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়া হবে। আগামী শনিবার বাগদাদের তিনটি এলাকা থেকে প্রথমে কারফিউ তুলে নেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
রাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে রাখতে পারলে সহিংসতা কম হবে এই ধারণা থেকে এত দিন কারফিউ জারি রাখা হয়েছিল। আইএস জঙ্গিদের কাছ থেকে বাগদাদের উত্তর ও পশ্চিমাঞ্চল সরকারী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কারফিউ তুলে নেয়ার এই সিদ্ধান্ত এলো।
এছাড়াও শহরটিতে নিরাপত্তা বাহিনী এখন থেকে শুধু হালকা অস্ত্র বহন করবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র: আলজাজিরা
