খুলনায় বিচারকের স্বাক্ষর জাল করায় সহকারীর কারাদণ্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

খুলনায় বিচারকের স্বাক্ষর জাল করে ৩ হাজার ৫৫০ টাকা আত্মসাতের দায়ে তার ব্যক্তিগত সহকারী রিয়াজুল কবিরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাবেক বিচারক সালাউদ্দিনের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের মামলায় এ কারাদণ্ড প্রদান করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সহকারী পরিদর্শক শ্যামল কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৩ সালে বিচারকের স্বাক্ষর জাল করেন তার ব্যক্তিগত সহকারী রিয়াজুল কবির। পরে  দুদকের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। শুনানি শেষে বুধবার সেই মামলার আসামি রিয়াজুল কবিরের এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।