‘বড় ছেলে খেলতে বড় ব্যাটই তো চাইবে’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩৩
 
 
‘একটা বড় ছেলে খেলতে বড় ব্যাটই চাইবে।’ নির্দিষ্ট আকৃতির চেয়ে বড় ব্যাট ব্যবহার করা যাবে না; আইসিসির এমন ঘোষণার পর ক্রিস গেইলের অনুভূতিটা ছিল এমনই। এর কারণটাও অনুমান করা কঠিন নয়। বড় শারীরিক আকৃতি এবং ব্যাটিংয়ের সুবিধার জন্য অন্য সবার চেয়ে বড় ব্যাট ব্যবহার করে অভ্যস্ত গেইল, আইসিসির এমন সিদ্ধান্তে পড়েছেন বড় ধরনের সমস্যাতেই। আইসিসির সিদ্ধান্তের বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেল খেলাটির সাবেকদের কাছ থেকেও।
 
ব্যাটসম্যানরা মাঠে বাড়তি সুবিধা পাচ্ছেন অন্যদিকে বঞ্চিত হচ্ছেন বোলাররা। এমন ধারনার উপর ভিত্তি করে আইসিসি ব্যাটের আকৃতি বিষয়ক ঐ সিদ্ধান্ত নেয়ার পর গত মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, ‘মানুষ বলে যাচ্ছে এটা (ক্রিকেট) নাকি ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে। তারা খেয়াল করছে না (দিনে দিনে) বোলাররাও অনেক বেশী দক্ষ হয়ে উঠছে।’
 
সদ্যই ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লিও কথা বলেছেন গেইলের পক্ষেই। লি ভাইদের ছোটজন বলেন, ‘আমার মনে হয় যদি গেইল কিংবা ওয়ার্নারের মতো এমন কেউ থাকে যারা ঐ ভরের একটা ব্যাট অমন দ্রুতগতিতে ব্যবহারের ক্ষমতা রাখে, তাহলে তাদের অবশ্যই সেটা ব্যবহার করতে দেয়া উচিত্। কারণ এটা খেলাটাকে আরো অনেক বেশী উত্তেজনাময় করে তোলে।’
 
তবে আরেক সাবেক অস্ট্রেলিয়ান মাইকেল বেভানের মত কিন্তু আইসিসির মতোই। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের বক্তব্যের সাথে সুর মিলিয়ে এই বাহাতি ব্যাটসম্যান বলেন, ‘বলের যত উন্নতি হয়েছে তার চেয়ে ব্যাটের উন্নতি হয়েছে অনেক বেশী। এখানে একটা ভারসাম্য প্রয়োজন। মাঠে যদি কেবল ছক্কার মহোত্সবই হয় তাহলে দর্শক এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে।’
 
উল্লেখ্য, আইসিসি সিদ্ধান্ত নেয় কোনো ব্যাটসম্যানের ব্যাটের দৈর্ঘ্যই ৪৫ মিলিমিটারের চেয়ে বেশী হতে পারবে না। অন্যদিকে, বিশ্বকাপে মাঠের দৈর্ঘ্য অনুযায়ী বাউন্ডারি সীমানা ৯০ মিটার পর্যন্ত রাখা হবে বলেও জানানো হয় পৃথক এক ঘোষণায়।