সন্ত্রাসের কাছে জাতি পরাজিত হবে না: হাছান মাহমুদ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০০
 
 
 
 
 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি সন্ত্রাসীদের দলে পরিনত হয়েছে। আন্দোলনের নামে  মানুষ পুড়িয়ে মারছে। জাতি সন্ত্রাসীদের কাছে পরাজিত হবে না।’ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন জঙ্গির নেত্রী। তার কাছে বাংলাদেশ কখনোই পরাজিত হতে পারে না। ভবিষ্যতে জঙ্গিদের বিচার হবে। তাদের সাথে জড়িত সবাইকে সাজা ভোগ করতে হবে।’ তিনি বলেন, ‘দেশে এখন রাজনীতির নামে যে কর্মসূচি চলছে, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা জঙ্গিবাদী কর্মসূচি। আর খালেদা জিয়া এ কর্মসূচি নেতৃত্ব দিয়ে সন্ত্রাসীদের নেত্রী হিসাবে পরিনত হয়েছে। তাই হরতাল-অবরোধ নামে নৈরাজ্য নাশকতা বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। যারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘জনগণের প্রত্যাশা ছিল খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চেয়ে এই সংহিস রাজনীতি থেকে ফিরে আসবে। কিন্তু তা না করে বারবার পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে। তিনি বলেন, খালেদা জিয়া নিজের নাতনিদের পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে মালয়েশিয়া পাঠিয়েছে। আর বাংলাদেশ অবরোধ দিয়ে ১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা বন্ধ করেছেন। তাই দেশের  মানুষ নাশকতার নেত্রীর অবরোধ হরতাল প্রত্যাখান করেছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।