রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ০২:৪৪

চলমান রাজনৈতিক সন্ত্রাস-নৈরাজ্য-সহিংসতা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের ৬৪ জেলায় সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তারা বলেছেন, এই অবরোধ-হরতাল রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এসব বর্বর পরিকল্পিত হত্যাকাণ্ড। একাত্তরের মতো এখনও সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সহিংসতার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘গণপদযাত্রা’র প্রাক্কালে বক্তারা এসব কথা জানান। দেশের ৬৪টি জেলার শহীদ মিনার থেকে একযোগে এই ‘গণপদযাত্রা’ অনুষ্ঠিত হয়।
বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, অগণতান্ত্রিক শক্তির সহায়তায় দেশকে অস্থিতিশীল এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা ষড়যন্ত্রকারী পেট্রোল বোমাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এই সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে বন্ধ হবে সেটা সরকারের দায়িত্ব।
এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, মুক্তিযোদ্ধা  নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি ও প্রাবন্ধিক মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, জয় বাংলা সাংস্কৃতিক জোটর সভাপতি সালাউদ্দিন বাদল প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দেশের মানুষ আজ চরম হতাশাগ্রস্ত। দেশবাসী আজ কথিত অবরোধের অবসান চায়, তার জন্য সরকার ও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ দেখতে চায়। আমরা মনে করি, দেশের প্রকৃত ইতিহাসের ধারা মুক্তিযুদ্ধের অসামপ্রদায়িকতার ধারায় ফিরে এসে বিএনপি দেশের প্রকৃত রাজনৈতিক শক্তি সঞ্চার করতে সচেষ্ট হবেন। বোমাবাজদের হামলায় আহতদের সর্বোচ্চ চিকিত্সা, নিহতদের পরিবার-পরিজনের পুনর্বাসন, ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দাবিও করেন তারা।
রাজশাহী অফিস জানায়, ‘পুড়ছে মানুষ, কাঁদছে দেশ রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগানে গতকাল বৃহস্পতিবার নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে যুবলীগ। দেশব্যাপী অবরোধ ও হরতালের পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতার প্রতিবাদে দুপুরে নগরীর সাহেব বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম অফিস জানায়, অবরোধ ও হরতালে রেল লাইনসহ বিভিন্ন স্থানে নাশকতার প্রতিবাদে নগরীতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর পূর্বাঞ্চলীয় রেলের কার্যালয় সিআরবি সাত রাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রেলওয়ে কর্মকর্তা, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, অবরোধের নামে ২০ দলীয় জোট রেলে নাশকতার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা মেনে নেয়া যায় না।