সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মুজিদ গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোর রাত দেড়টার দিকে উপজেলার ঠাকুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুল মুজিদ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এ সময় আহত হয়েছেন পুলিশের এক এএসআই ও এক কনষ্টেবল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শর্ট গান ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে। পরে, গুলিবিদ্ধ আব্দুল মুজিদকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, উপজেলার ঠাকুর বাড়ি এলাকায় কয়েকজন সন্ত্রাসী নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ও হাত বোমা নিক্ষেপ করে। পুলিশও এ সময় পাল্টা গুলি ছুড়লে পুলিশের গুলিতে আহত হন আব্দুল মুজিদ।
পরে, গুলিবিদ্ধ আব্দুল মুজিদকে পুলিশ ঘটনা স্থল থেকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল মুজিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
অন্যদিকে, একটি দায়িত্বশীল সূত্র জানায়, আব্দুল মুজিদ তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা ও বিস্ফোরক আইনের একটি মামলাসহ চারটি মামলার আসামি।
