মির্জাপুরে নদীর অবৈধ বাঁধ ভেঙে দিল প্রশাসন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

পানির গতি ফিরিয়ে দিতে নদীতে পর পর তিনটি অবৈধ মাটির বাঁধ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার মির্জাপুর উপজেলার কোর্ট বহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী স্বপন কুমার মণ্ডল ও মো. নজরুল ইসলাম জানান, একটি প্রভাবশালী মহল উপজেলার কোর্ট বহুরিয়া এলাকায় লৌহজং নদীর ওপর পর পর তিনটি অবৈধ মাটির বাঁধ নির্মাণ করে মাটির ব্যবসা করে আসছিল। নদীর ওপর মাটির বাঁধ নির্মাণের ফলে পানির গতি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার কৃষকসহ স্থানীয় লোকজন নানা সমস্যায় পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার ভুক্তভোগী লোকজন বাঁধ কেটে দেওয়ার জন্য তাদের অনুরোধ করলেও তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে ড্রাম ট্রাক দিয়ে মাটি লোড-আনলোড করে আসছিল। এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা উল্লেখ করে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং টাঙ্গাইল জেলা প্রশাসকসহ পরিবেশ অধিদপ্তরকে জানান। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তর ও মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কোর্ট বহুরিয়া এলাকায় নদীর ওপর অবৈধভাবে নির্মিত তিনটি মাটির বাঁধ এক্সকেভেটর যন্ত্র দিয়ে কেটে গুঁড়িয়ে দিয়ে পানির গতি প্রবাহ ফিরিয়ে দিয়েছেন।

এ সময় প্রভাবশালী মহল পালিয়ে যায়। এছাড়া ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে হাকিম ব্রিকসকে দুই লাখ ও স্টাইল ব্রিকসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজিব কুমার ঘোষ ও জেলা উপ-পরিচালক।