সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

গোপালপুরে লেডিস ক্লাবের

শীতবস্ত্র বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা গোপালপুর উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে গত বুধবার পঞ্চাশজন বিত্তহীনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্লাব কার্যালয়ে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, লেডিস ক্লাবের সভাপতি কণা বিশ্বাস, সহ-সভাপতি নার্গিস জাহান ডলি, সাধারণ সম্পাদক শামিমা ইয়াসমীন ঝর্ণা ও সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা রুমি প্রমুখ। 

স্বরূপকাঠিতে জাইকার ১১টি

অ্যাম্বুলেন্স হস্তান্তর

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে দশ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মুমূর্ষু রোগী পরিবহনের জন্য দশটি মিনি অ্যাম্বুলেন্স ও একটি ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওই এগারটি অ্যাম্বুলেন্স সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় ওই অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, জাইকার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রূপন কুমার বসাক প্রমুখ।

ত্রিশালে ডিজিটাল ক্লাবের

উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ত্রিশালে ডিজিটাল ক্লাবের উদ্যোগে মিরাজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। খেলা উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ এসএম তাজামুল হোসাইন পলাশ। ডিজিটাল ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, বইলর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, ডিজিটাল ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ প্রমুখ। খেলায় শতদল যুবসংঘের কাছে ত্রিশাল ডিজিটাল ক্লাব ৫৮ রানে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় লিখন।

নবলোকের উদ্যোগে

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠানে এলাকার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও লোকসংগীতের আয়োজন করা হয়। এ সময় নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায়, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, কোর্সের প্রশিক্ষক রেমন রহমান প্রমুখ।

সদরপুরে প্রতিবন্ধীদের মাঝে

সহায়ক উপকরণ বিতরণ

সদরপুর (ফরিদপুর) সাংবাদদতা সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও সরকারি অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে গতকাল বুধবার ৬টি বিদ্যালয়ের প্রতিবন্ধী ৬জন শিক্ষার্থীকে সহায়ক উপকরণ  বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর মালেক, সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত, তপন কুমার বিশ্বাস ও স্ব স্ব বিদ্যালয়েল প্রধান শিক্ষকগণ।

 পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ ইকো পাঠশালার সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন গত মঙ্গলবার ইএসডিও’র নির্বাহী পরিচালক এবং ইকো পাঠশালা ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজজামান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ, ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার প্রমুখ। পরে ২০টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন ও ২০১৭ সালে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

চাটমোহরে নাগরিক সংলাপ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে গত মঙ্গলবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও বেসরকারি সংস্থা রূপান্তরের সহায়তায় পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে নাগরিক সংলাপ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও সরকার অসীম কুমারের সভাপতিত্বে নাগরিক সংলাপ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মাসুদ আহমেদ। হরডোর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রতিশ্রুতির উপ-পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।

সৈয়দপুর সম্পর্কে জানতে উদ্ভাবিত অ্যাপের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা মুঠোফোনে গুগল সার্চে গিয়ে সৈয়দপুর ইনফো লিখে খোঁজ করলে নীলফামারীর সৈয়দপুর সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে। গত মঙ্গলবার বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম গোলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন। অ্যাপটি উদ্ভাবন করেছে শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন,  এখানে  সৈয়দপুর সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে। এ সময় বক্তব্য রাখেন ইউএনও এস. এম. গোলাম কিবরিয়া, উদ্ভাবক মাসুম বিল্লাহর বাবা আকবর আলী, সেতুবন্ধন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, আমাদের প্রিয় সংগঠনের সাধারণ সম্পাদক নওশাদ আনসারী প্রমুখ।

ঈশ্বরদীতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে ভাষা শহীদ বিদ্যা নিকেতনে গতকাল বুধবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান, বিদ্যা নিকেতনের সাবেক সভাপতি প্রয়াত সামাদ সরদারের সহধর্মীণি রোজী সামাদ, মুক্তিযোদ্ধা জামাত আলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক আব্দুল বাতেন, বিদ্যা নিকেতনের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চেনু সরদার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন ও ছলিমপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম মুকুল। এ সময় বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে মরহুম লুত্ফর রহমান ও সামাদ সরদার স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

নড়াইলকে মডেল ও মাদকমুক্ত জেলা গড়ে তুলতে

সবার সহযোগিতা কামনা মাশরাফির

নড়াইল প্রতিনিধি নড়াইলকে মডেল, মাদকমুক্ত, উন্নত এবং সুন্দর বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি। এছাড়া তার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোনো প্রকার প্রতারণা করে সে বিষয়ে তাকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি। বুধবার নড়াইল জেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময়কালে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা এ আহ্বান জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

আখাউড়ায় গর্তের পানিতে ডুবে শিশুর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার গর্তের পানিতে পড়ে ফাহিম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ফাহিম উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। জানা যায়, গতকাল সকালে বৃষ্টি হলে গিয়াস উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি গর্ত পানিতে ভরে যায়। এসময় তার ছেলে ফাহিম ঘর থেকে বের হয়ে গর্তের সামনে গেলে পা পিছলে পড়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা গর্ত থেকে তার  মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাটে নবীন-প্রবীণদের মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা

জয়পুরহাট প্রতিনিধি নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টির লক্ষ্যে জেলার প্রত্যন্ত অঞ্চলে ভিন্নধর্মী এক আয়োজন নবীন ও প্রবীণদের অংশগ্রহণে মিলন মেলা ও প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলার  গোপালপুর খেলার মাঠে বুধবার পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাসক ফাউন্ডেশন’ এই মিলন মেলা ও প্রতিযোগিতার আয়োজন করে। খেলাধূলার মধ্যে ছিল নবীন-প্রবীণদের অংশগ্রহণে হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, সাইকেল চালানো, রশি টানাটানি, তেল মাখা কলাগাছে ওঠা, পয়সা খোঁজা, ফুটবল, লাঠি খেলা  ও প্রবীণ নারীদের জন্য  বালিশ খেলা।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক আবুল বাশার। উপ-পরিচালক রফিকুল ইসলাম বাদশা, সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন সিদ্দিকুল বাশার সোহেল, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মককর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ননদ-ভাবির মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল ৫নং ওয়ার্ডের উকিল আহমদের বাড়িতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ননদ-ভাবির মৃত্যু ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রেজিয়া বেগম এলাকার মৃত জাকের আহমদের স্ত্রী ও তার ননদ মৃত নেছার আহমদের মেয়ে ফাতেমা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুত্ সংযোগ লাইনের ছেড়া তার জাকের আহমদের বাড়ির টিনের চালে সংযোগ হয়ে যায়। রেজিয়া বেগম চালে কাপড় শুকাতে গেলে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। ভাবির দেহ মাটিতে পড়ে থাকতে দেখে ননদ ফাতেমা ছুঁতে গেলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন। বাঁশখালী থানার এসআই মো. ফারুক উদ্দিন এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে বলে জানান।

ধামরাইয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান

প্রার্থীর মতবিনিময়

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন বুধবার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। দলীয়ভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী দেয়া হলেও উন্মুক্ত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের জানান তিনি। মোহাদ্দেস হোসেন ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেও জানা যায়।

কাঠালিয়ায় ইমাম সম্মেলন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ইমাম সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ইফার জেলা ফিল্ড অফিসার মো. ফোরকান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার। বিশেষ অতিথি ছিলেন, ইফার জেলা উপ-পরিচালক মো. মশিউর রহমান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইফার সুপার ভাইজার আবু জাফর মো. সালেহ, ইফার উপজেলা মডেল কেয়ারটেকার মো. আনিচুর রহমান, ইমাম কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা  মো. আ. ওহমান প্রমুখ।

সেনবাগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে

মরিয়াম সুলতানার প্রার্থিতা ঘোষণা

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগ উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মরিয়াম সুলতানা। তিনি গতকাল বুধবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। মরিয়াম সুলতানার স্বামী আবু বক্কর ছিদ্দিক ভুঁইয়া সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলার কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এ সময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নেতা আবু বক্কর ছিদ্দিক ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মো স্বপন উদ্দিন, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিন ভুঁইয়া প্রমুখ ।