কাদের সিদ্দিকীর মঞ্চ ভেঙে নিয়ে গেল পুলিশ!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৫৭
 
 
ভেঙে দেয়া হলো রাজধানীর মতিঝিলে কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর মঞ্চ। শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দলীয় সভাপতি কাদের সিদ্দীকি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে ছিলেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মতিঝিল থানার পুলিশ কৃষক-শ্রমিক-জনতা লীগের কার্যালয়ের সামনে থেকে কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ, ছাত্রনেতা কাওসার জামান খান, আলমগীর হোসেন, যুবনেতা আবদুর রাজ্জাক, টিপু সুলতান ও রোকনকে আটক করে। মতিঝিল থানার ওসি ফরমান আলী জানান—আটককৃতদের শুক্রবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে—শুক্রবার বেলা ১টা ১০ মিনিটের দিকে মতিঝিল থানা থেকে একদল পুলিশ মতিঝিলে কাদের সিদ্দিকীর অবস্থান মঞ্চের সামনে গিয়ে হঠাত্ মঞ্চ ভেঙে দিয়ে তা পুলিশের পিকআপ ভ্যানে তুলে নেয়। ওই সময় সেখানে অবস্থানকারী কৃষক-শ্রমিক-জনতা লীগের নেতা-কর্মীরা কারণ জানাতে চাইলে পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতি আলোচনা এবং খালেদা জিয়ার প্রতি অবরোধ তুলে নেয়ার দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে কৃষক-শ্রমিক-জনতা লীগের অফিসের সামনে মঞ্চ বানিয়ে সেখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন কাদের সিদ্দিকী।