মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত অবরোধ: বিএনপি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৫
মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
 শুক্রবার বিকেলে বনানীর নিজ বাসায় এক সাংবাদিক সম্মেলনে জোটের এই শর্তের কথা জানান তিনি।
 মেজর (অব.) হাফিজ বলেন, বিএনপি সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করে। একটা বছর আমরা সরকারের দিকে তাকিয়ে ছিলাম। সরকার কথা দিয়ে কথা রাখেনি। তারা বলেছিল, ৫ জানুয়ারির পর ফের নির্বাচন দেবে। কিন্তু সেই অবস্থান থেকে তারা সরে এসেছে। সরকার মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা এবং পদত্যাগ করলে ২০ দলের ডাকা অবরোধ-হরতাল প্রত্যাহার করা হবে। তা না হলে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন,গুলশানের কার্যালয়ে আমরা নেতারা কেউই বেগম জিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তার টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। কেবল তাই নয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে গেটের সামনে পুলিশ রেজিস্টার বই খুলেছে। এখন নেতাদের কাউকে সাক্ষাত্ পর্যন্ত করতে দেয়া হচ্ছে না। তাই আমরা সরকারের কাছে জানতে চাই-  বেগম খালেদা জিয়া কি গ্রেপ্তার, অবরুদ্ধ না মুক্ত আছেন। এটা সরকারকে পরিষ্কার করতে হবে।
হাফিজ উদ্দিন বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। মিড়িয়ার ওপর কড়াকড়ি সেন্সরশীপ আরোপ করা হয়েছে। মন্ত্রীরা প্রকাশ্যে বেগম জিয়াকে হত্যার হুমকি দিচ্ছে।
পেট্রোল বোমা নিক্ষেপ করে সহিংসতা সৃষ্টির জন্য সরকার ও ক্ষমতাসীন দলকে দোষারোপ করে তিনি বলেন,আমরা সহিংসতার নিন্দা জানিয়েছি। বার্ণ ইউনিটে পেট্রোল বোমায় আহতরা চিকিত্সা নিচ্ছেন। আমরা এহেন ঘটনায় মর্মাহত ও সমবেদনা জানিয়েছি।
বিচারবর্হিভুত হত্যাকান্ডের জন্য সরকারকে অভিযুক্ত করে সাবেক পানি সম্পদ মন্ত্রী বলেন, পুলিশি হেফাজতে গত এক মাসে ৩৩ জনকে হত্যা করা হয়েছে। ৭ শ মামলায় ১৭ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্বৃত্তের সহিংসতায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এসবের দায় সরকারকেই নিতে হবে। বিচারবহির্ভুত হত্যার মাধ্যমে সরকার দেশকে মৃত্যু উপাত্যকায় পরিণত করেছে।